ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ভাতা’র দাবিতে আন্দোলনে গ্রেফতার ১৪ কর্মচারী রিমান্ড শেষে কারাগারে

ads

‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনে নেমে গ্রেপ্তার হওয়া ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম , প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তায়েফুল ইসলাম, ইসলামুল হক ও মহসিন আলী, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, মন্ত্রী পরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি।বৃহস্পতিবার সচিবালয় থেকে তাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে মামলা করেন বাংলাদেশ সচিবালয়ে ফোর্স হিসেবে কর্মরত এএসআই হাফিজুর রহমান। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।


বুধবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই কে এম রেজাউল করিম।


প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী বলেন, “আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করি। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।”


সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতার’ দাবিতে বুধবার আন্দোলনে নামেন সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আগের বুধবার বেলা আড়াইটার পর তারা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নিলে কার্যত ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকেন তিনি। পরে সরকারি আদেশ (জিও) জারির ‘আশ্বাস পেয়ে’ রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছিলেন, বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে জিও জারির ‘আশ্বাস পেয়ে’ অবস্থান থেকে সরে গেছেন।


কিন্ত বৃহস্পতিবার বেলা ৩ টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সচিবালয়ে তারা আবারো জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সমাবেশ থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতির’ কথাও বলা হয়। পরে সচিবালয় থেকে প্রাথমিকভাবে ৫ জনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ, পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জনে।


অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই নানা আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে আসছিল পুলিশ। সবশেষ গত বৃহস্পতিবারও নিষেধাজ্ঞা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page